Avatar
By, Md Rahat
  • 42 Views
  • 1 Min Read
  • (0) Comment

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় একটি নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর বনানী এলাকায় এই কেন্দ্রটি কাজ শুরু করবে। কেন্দ্রটি চালুর পাশাপাশি সাধারণ ভিসা আবেদন ও পাসপোর্ট ফেরত নেওয়ার নিয়মেও কিছু পরিবর্তন আসছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, নতুন এই কেন্দ্র চালু হওয়ার পর থেকে সাধারণ ভিসা সংক্রান্ত সব ধরনের আবেদন ও পাসপোর্ট সংগ্রহের কাজ শুধুমাত্র এই কেন্দ্রের মাধ্যমেই সম্পন্ন হবে। অর্থাৎ, সাধারণ ভিসার জন্য আবেদনকারীদের আর সরাসরি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। কূটনৈতিক নোটের মাধ্যমে এসব আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ এবং ভিসা ইস্যু— সবকিছুই আগের মতো দূতাবাস থেকেই পরিচালিত হবে।

নতুন এই কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা: ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

কেন্দ্রে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগও থাকবে। এই সুবিধা কবে থেকে চালু হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি কী হবে, তা আগামী ২৭ আগস্ট আলাদা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে দূতাবাস।

নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের নিয়মেই দূতাবাস থেকে পাওয়া যাবে, এতে কোনো পরিবর্তন হচ্ছে না।

কেন্দ্রের কার্যক্রম শুরুর নির্দিষ্ট সময়, সেবা প্রদানের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়মাবলি, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

দূতাবাস ভিসাপ্রত্যাশীদের নতুন এই কেন্দ্র সংক্রান্ত পরবর্তী সব ঘোষণা ও নির্দেশনার প্রতি নজর রাখার অনুরোধ জানিয়েছে।

দূতাবাসের প্রত্যাশা, আলাদা এই ভিসা আবেদন কেন্দ্র চালু হলে আবেদনকারীদের দুর্ভোগ কমবে এবং ভিসা সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালিত হবে।